দ্য হান্ট: দ্য রাজিব গান্ধী অ্যাসাসিনেশন কেস (২০২৫)
লিবারেশন টাইগার্স অব তামিল ইলম সংক্ষেপে এলটিটিই। তামিল জনগোষ্ঠী নিয়ে আলাদা তামিল রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল সংগঠনটি। তবে তামিল জনগোষ্ঠীর জন্য স্বাধীনতাকামী সংগঠন হলেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সন্ত্রাসী সংগঠন হিসেবেও পরিচিতি পায় এলটিটিই।
রাজিব গান্ধী হত্যাকাণ্ড এলটিটিই এর অন্যতম আলোচিত হত্যাকাণ্ড। ভিনদেশী একটা স্বাধীনতাকামী সংগঠন ভারতের মত একটা দেশের সাবেক প্রধানমন্ত্রীকে বোমা হামলার মাধ্যমে মেরে ফেলেছিল। এখনও এই হত্যাকাণ্ড নিয়ে নানারকম প্রশ্ন রয়ে গেছে। ভারতীয় গোয়েন্দারা কেন কিছুই করতে পারলো না? এলটিটিই-কে কারা সাপোর্ট দিয়েছিল?
সেসব প্রশ্নের উত্তর অনেকটাই মিলেছে এই সিরিজে। তবে সব মেলেনি। রাজিব গান্ধী হত্যাকাণ্ডের সব প্রশ্নের উত্তর পাওয়াও সম্ভব না। তবে এই হামলার পেছনে এলটিটিই-এর প্ল্যানিং এর অনেকখানি এই সিরিজে উঠে এসেছে। এবং সিরিজ শেষে এও মনে হয়েছে যে এই হত্যাকাণ্ডে এলটিটিই ভারতের ভেতর থেকে রাজনৈতিক সহযোগিতা পেয়েছে।
অনিরুদ্ধ মিত্রর ‘নাইন্টি ডেজ: দ্য ট্রু স্টোর অব দ্য হান্ট ফর রাজিব গান্ধীস অ্যাসাসিন্স’ বই অবলম্বনে সিরিজটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
সিবিআই বস এবং ইনভেস্টিগেশন টিমের হেড এর কার্তির চরিত্রে অমিত সিয়াল চমৎকার অভিনয় করেছেন। এই চরিত্রের জন্য কোমল ও কঠোর ব্যক্তিত্বের যে ব্যালেন্স দরকার ছিল সেটা তিনি ঠিকভাবে করতে পেরেছেন। আরেক ইনভেস্টিগেশন অফিসার অমিত ভার্মার চরিত্রে সাহিল ভাইদ দুর্দান্ত অভিনয় করেছেন। এতদিন কমেডি অভিনেতা হিসেবে তিনি বেশি পরিচিত ছিলেন। সিরিয়াস চরিত্রেও তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন।
এই দুজন অভিনেতার কথা আলাদা করে বললেও বাকিরা বেশ সাবলীল অভিনয় করেছেন। অভিনয়ের গুণে সিরিজটা দেখতে ভালো লেগেছে। তেমন পরিচিত কোনো মুখ না থাকলেও পরিচালক কম পরিচিত অভিনেতাদের নিয়েই পরিচালক নাগেশ কুকুনুর চমৎকার একটি পলিটিক্যাল সিরিজ বানিয়েছেন।

