স্বদেশ, চাক দে ইন্ডিয়া এর জন্য না পেলেও জাওয়ান এর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ
২০০৪ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘স্বদেশ’। আশুতোষ গোয়ারিকড় পরিচালিত ছবিটিতে শাহরুখ খানের অভিনয় মুগ্ধ করেছিল সবাইকে।
কমার্শিয়াল ছবির বাইরে গিয়ে কাহিনী নির্ভর ছবি বেছে নিয়ে শাহরুখ তার অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন। ভক্তরা আশা করেছিল স্বদেশ ছবিতে অভিনয়ের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন তিনি।

কিন্তু সেবার পাননি তিনি, ‘হাম তুম’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান সাইফ আলী খান। সাইফ যোগ্য দাবীদার ছিলেন, সন্দেহ নেই। সে বছর সেরা ছবির পুরস্কার পেয়েছিল পেইজ থ্রি।
২০০৭ সালে শাহরুখ আরেকটি ভিন্ন ধরনের ছবি করেন যার নাম, ‘চাক দে ইন্ডিয়া’। এ ছবিতেও শাহরুখের পারফর্ম্যান্স ছিল দুর্দান্ত। ভক্তরা আশা করেছিলেন এই ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন শাহরুখ। সেবারও পাননি তিনি।

‘কাঞ্চিভারাম’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন প্রকাশ রাজ। সেরা ছবির পুরস্কারও জিতেছিল ‘কাঞ্চিভারাম’। ছবিটি পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। ‘চাক দে ইন্ডিয়া’ অবশ্য পুরস্কার পেয়েছিল পপুলার ফিল্ম ক্যাটাগরিতে।
সেরা অভিনেতা হিসেবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অধরা রয়ে গিয়েছিল এতদিন শাহরুখের কাছে। অবশেষে সেই পুরস্কার পেলেন তিনি ‘জাওয়ান’ ছবির জন্য।
শাহরুখের পারফর্ম্যান্সের কথা ধরলে ‘জাওয়ান’-এর তুলনায় ‘স্বদেশ’ এবং ‘চাক দে ইন্ডিয়া’-তে শাহরুখ সত্যিই আলাদা ছিলেন।
অবশ্য এবার দুজন অভিনেতা সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন ‘জাওয়ান’-এর জন্য শাহরুখ খান এবং ‘টুয়েলভথ ফেইল’-এর জন্য ভিক্রান্ত মেসি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি, তিনিও এবার প্রথম সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন। সেরা ছবির পুরস্কার জিতেছে ‘কাঠাল’।

