কে লিখেছিলেন ব্রেথলেস এর গল্প?
গত ৩১শে জুলাই ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলচ্চিত্র পাঠ শীর্ষক আলোচনায় অংশ নেন প্রাবন্ধিক, চলচ্চিত্র সমালোচক, শিক্ষক এবং লেখক বিধান রিবেরু। পাঠচক্রটি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সেই পাঠচক্রে চলচ্চিত্র এবং সংস্কৃতির নানা বিষয় নিয়ে আলোচনা করেন বিধান রিবেরু। সেখান থেকে উল্লেখযোগ্য কিছু অংশ ভালো ছবিতে প্রকাশ করা হলো।
১৯৬০ সালে মুক্তি পায় জ্যঁ লুক গদার পরিচালিত চলচ্চিত্র ‘ব্রেথলেস’। এই ছবিটি বিশ্ব সিনেমার এক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র।
সাধারণ একটা গল্প কিন্তু গদারের অনবদ্য নির্মাণে তা চলচ্চিত্রে নতুন যুগের সূচনা করে। ফ্রেঞ্চ নিউ ওয়েভ ঘরানার অন্যতম সেরা ছবি ব্রেথলেস। সিনেমায় জাম্প কাটের ব্যবহার শুরু হয় এই ছবির মাধ্যমে।
পরিচালক গদারের এক বন্ধুর লেখা ছোটগল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়। তবে অনেকেই জানেন না এই ছবির গল্পকারও একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। তাঁর নাম ফ্রাসোয়া ত্রুফো।
ত্রুফো একটা আটপৌরে প্রেমের গল্প লিখেছিলেন। একটি ছেলে আর মেয়ের প্রেমের গল্প। ছেলেটার পেশা গাড়ি চুরি করা। আপাতদৃষ্টিতে গল্পে তেমন কোনো চমক নেই, সাদামাটা একটা গল্প।
গদারও এরকম একটা গৎবাধা গল্প নিয়েই কাজ করতে চাচ্ছিলেন। কারণ গদারের মতে, হলিউডে একজন নারী আর একটা বন্দুক দিয়েই ছবি বানানো যায়, তিনিও তাই করে দেখাবেন তবে অন্যভাবে।
গল্পটা তেমন আহামরি কিছু নয়। একজন গাড়ি চোর, একজন পুলিশকে গুলি করে মেরে ফেলে। তার প্রেমিকা একজন হকার। সে যখন জানতে পারে তখন সে পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ যখন সেই গাড়িচোরকে ধরতে আসে, তখন পুলিশের গুলিতে সে প্রেমিক মারা যায়।
এরকম সাধারণ গল্প অনন্য হয়ে ওঠে গদারের নির্মাণে। ছবিটির পরতে পরতে নানা রেফারেন্স ব্যবহার করেছেন গদার। চলচ্চিত্র বোঝার জন্য আজও চলচ্চিত্রটি দর্শকদের কাছে সমান সমাদৃত।

