হোমবাউন্ড (২০২৫)
নীরাজ ঘাওয়ানের ছবি। তার প্রথম ছবি মাসান দেখে মুগ্ধ হয়েছিলাম। মন খারাপ হয়েছিল।
ভিকি কৌশল আর শোয়েতা ত্রিপাঠির অভিনয় মুগ্ধ করেছিল। মুগ্ধ করেছিল সিনেমার গান, কবিতার ব্যবহার।
মনে হয়েছিল একটা সিনেমা না কবিতা বানিয়েছেন নির্মাতা। এই ছবির জন্য বেস্ট ডেব্যু ডিরেক্টর হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
দশ বছর পর দ্বিতীয় ছবি হোমবাউন্ড নিয়ে ফিরেছেন তিনি। এই ছবিটিও কবিতার মত।
জাত-পাত, ধর্মের ভেদ প্রতিনিয়িত মানুষকে তার স্বপ্ন থেকে দূরে ঠেলে দেয়। যোগ্যতা থাকা সত্ত্বেও উপযুক্ত স্থানে সে পৌঁছাতে পারে না। কারণ এই সমাজ চায় না কেউ নিচ থেকে উঠে আসুক।
দুই বন্ধু শোয়েব আর চন্দন। একজন মুসলিম আর একজন নিচু জাতের হিন্দু। কিন্তু তারা নিজেদের মত করে প্রতিষ্ঠিত হতে চায়। একজনের বাবা কৃষক, আরেকজনের বাবা শ্রমিক।
অল্প বয়সেই সংসারের দায়িত্ব নিতে হয় তাদের। নিজেদের স্বপ্নগুলো পূরণ করা অসম্ভব হয়ে ওঠে তাদের জন্য। দারিদ্র্যতার সাথে লড়াই হয়ে ওঠে তাদের জীবনের একমাত্র লড়াই।
দুজনেই চেয়েছিল পুলিশ কনস্টেবলের চাকরি। তাহলে সমাজে একটু সম্মান পাওয়া যাবে আর যে দারিদ্র্যতার সাথে তাদের বসবাস সেখান থেকে মুক্তি মিলবে।
চন্দন চায় তার পরিবারের জন্য একটা পাকা ঘর বানাতে। আর শোয়েব চায় বাবার পায়ের সার্জারি করাতে। সামান্য কিছু টাকা। তবু শ্রমিকের কাজ করে এই টাকা জোগাড় করতে হিমশিম খায় তারা। সেই সাথে সমাজের তাচ্ছিল্য তো আছেই।
দুজনেই যখন জীবন সংগ্রামে পাশে থেকে কাজ করে চলছে এক কারখানায় শ্রমিক হিসেবে তখন আঘাত হানে মহামারি। ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না।
ফ্যাক্টরি বন্ধ, উপার্জন নেই, শহরে থাকতে গেলে না খেয়ে মরতে হবে। এদিকে বাড়ি যাওয়ার ব্যবস্থাও নেই। ট্রাকে করে রওনা দেয় দুই বন্ধু। ১২০০ কিলোমিটারের দীর্ঘ পথ। ফিরতে পারে কি দুই বন্ধু? তাদের স্বপ্নপূরণ হয় কি?
এই ছবি বন্ধুত্বের গল্প বলে, ঘুরে দাঁড়ানোর, লড়াইয়ের কথা বলে। সাথে এটাও বলে, সবাই তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে না। সামান্য চাওয়াটুকু পূরণ হয় না শত প্রতিকূলতায়।
শোয়েব আলী চরিত্রে ইশান খাত্তার এবং চন্দন কুমার চরিত্রে ভিশাল জেঠওয়া অসাধারণ অভিনয় করেছেন। দুজনেই পাকা অভিনেতা। এল আগে মারদানি টু ছবিতে নেগেটিভ ক্যারেক্টার করে মুগ্ধ করেছিলেন ভিশাল। জাহ্নবি কাপুরের চরিত্রটা অনুজ্জ্বল ছিল।
বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন্স।

