সাতলুজ (২০২৬)

সাতলুজ পাঞ্জাবের একটি নদীর নাম। কিন্তু নদীর নামটি আলোচনায় এসেছে একটা সিনেমার কারণে। যে সিনেমাটা আবার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার দুইদিন পর নামিয়ে দেয়া হয়েছে।

২০২৬ সালে মুক্তি দেয়া হলেও ছবিটি মুক্তির চেষ্টা করা হচ্ছিলো ২০২৩ সাল থেকে। কিন্তু ভারতের ফিল্ম সার্টিফিকেশন বোর্ড নানা বাহানায় ছবিটির রিলিজ পেছাতে থাকে। তখন ছবিটির নাম ছিল পাঞ্জাব নাইন্টি ফাইভ।

পরবর্তীতে থিয়েটার রিলিজের বদলে ওটিটি রিলিজ করা হয় গত ৩ জুলাই ২০২৬। এর দুই দিন পর জি ফাইভ এর প্ল্যাটফর্ম থেকে ছবিটি সরিয়ে ফেলা হয়।

ছবিটি নির্মিত হয়েছে পাঞ্জাবের মানবাধিকার কর্মী জাসওয়ান্ত সিং খালরার জীবনী অবলম্বনে। জাসওয়ান্ত সিং এর চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। তিনি এই ছবিতে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি।

ছবিটি ওটিটি থেকে নামিয়ে ফেলার পর তিনি দর্শকদের আহ্বান জানান ছবিটি বিকল্প মাধ্যমে ছড়িয়ে দিতে যাতে মানুষ দেখতে পারে।

কি এমন আছে হানি ত্রেহান পরিচালিত দুই ঘন্টা ৪৯ মিনিটের এই ছবিতে যার জন্য বারবার ছবিটি প্রচারে বাধা দেয়া হচ্ছে?

ছবির বিষয়বস্তু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ ব্রুটালিটি। ১৯৮৪ থেকে ১৯৯৫ সালের মধ্যে পাঞ্জাবে ঘটে যাওয়া কিছু ঘটনা বেশ বিস্তারিতভাবে ছবিটিতে তুলে ধরা হয়েছে।

এই ধরণের ছবি অনেক প্রশ্ন তোলে যেসব প্রশ্নকে বারবার ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছে। চলচ্চিত্রের কাজ যে শুধু বিনোদন দেয়া নয় বরং সত্যকে তুলে আনা, সিস্টেমকে প্রশ্ন করা সেটা আবারও সাতলুজ ছবিটা প্রমাণ করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *